সব লেখা
৩ মিনিটের পড়া

ডেঙ্গু: জ্বর কমে গেলেই কি বিপদ কেটে যায়? যে ৬টি লক্ষণ দেখলে দেরি করবেন না

এ বছর ডেঙ্গু এখনো কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে নভেম্বরেও প্রতিদিন হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বিপজ্জনক ভুল ধারণাটা হলো: "জ্বর তো কমে গেছে, এখন আর ভয় নেই।"

জ্বর কমার পরেই কেন বেশি সতর্ক থাকতে হয়?

ডেঙ্গুতে সাধারণত প্রথম দুই থেকে সাত দিন জ্বর থাকে। জ্বর কমতে শুরু করলে অনেক রোগীর শরীরে একটা ঝুঁকির সময় শুরু হয়, যাকে চিকিৎসকেরা "ক্রিটিক্যাল ফেজ" বলেন। এই সময় রক্তনালী থেকে তরল বেরিয়ে যেতে পারে, রক্তচাপ নেমে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে। তাই জ্বর কমার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টা রোগীকে চোখে চোখে রাখতে হয়।

যে ৬টি লক্ষণ দেখলে দেরি না করে হাসপাতালে যাবেন

১. পেটে তীব্র ব্যথা বা পেট চেপে ধরলে ব্যথা ২. বারবার বমি, কিছুই পেটে থাকছে না ৩. রক্তক্ষরণ: দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত, বমির সাথে রক্ত, কালো পায়খানা ৪. অস্বাভাবিক দুর্বলতা, অস্থিরতা বা ঝিমিয়ে পড়া ৫. প্রস্রাব অনেক কমে যাওয়া (চার থেকে ছয় ঘণ্টা প্রস্রাব না হওয়া) ৬. হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট

এর যেকোনো একটি দেখলেই হাসপাতালে যান। জ্বর আছে কি নেই, সেটা দেখার দরকার নেই।

ব্যথার ওষুধ নিয়ে সাবধান

জ্বরের জন্য সাধারণত প্যারাসিটামল দেওয়া হয়, তবে কতটুকু আর কতক্ষণ পরপর, সেটা ঠিক করবেন ডাক্তার। আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক বা এ জাতীয় ব্যথার ওষুধ ডেঙ্গুতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। ফার্মেসি থেকে "জ্বরের ভালো ওষুধ" চাইলে অনেক সময় এগুলোই দেওয়া হয়, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই খাবেন না।

প্লাটিলেট নিয়ে আতঙ্ক নয়

শুধু প্লাটিলেটের সংখ্যা দেখে রোগীর অবস্থা বোঝা যায় না। চিকিৎসক রক্তচাপ, প্রস্রাব, হেমাটোক্রিট আর রোগীর সামগ্রিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেন। নিজে থেকে প্লাটিলেট দেওয়ার জন্য চাপ দেবেন না। পেঁপে পাতার রস বা অন্য কোনো ঘরোয়া পদ্ধতি চিকিৎসার বিকল্প নয়।

বাসায় যা করবেন

  • প্রচুর তরল: খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস
  • পূর্ণ বিশ্রাম
  • দিনে বা রাতে সবসময় মশারি ব্যবহার, যাতে রোগী থেকে অন্য কারো মধ্যে না ছড়ায়
  • বাড়ির আশপাশে জমা পানি (ফুলের টব, টায়ার, এসির পানি, ছাদ) ফেলে দিন

সব কিছু লিখে রাখুন

জ্বর কখন কত ছিল, দিনে কতবার বমি হলো, শেষ কখন প্রস্রাব হয়েছে, ডাক্তার কোন ওষুধ কখন দিতে বলেছেন, লিখে রাখুন। হাসপাতালে গেলে ডাক্তার প্রথমেই এসব জানতে চান, আর দুশ্চিন্তার মধ্যে কিছুই মনে থাকে না।

ফোনেই লিখে রাখতে পারেন OshBook-এর লগ বুকে। "জ্বর" নামে একটা কাস্টম লগ খুলে প্রতিবারের তাপমাত্রা লিখুন, আর ডাক্তারের দেওয়া ওষুধের সময় মনে রাখতেও OshBook ইউজ করুন ।প্রেসক্রিপশন স্ক্যান করে মেডিসিন অ্যাড করুন আর সঠিক সময় মেডিসিন অ্যালার্ম পান ইন্টারনেট ছাড়াই চলে, পুরোটা বাংলায়।

Play Store-এ OshBook ডাউনলোড করুন:

এই লেখাটি সচেতনতার জন্য, চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। জরুরি প্রয়োজনে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে কল করুন অথবা নিকটস্থ হাসপাতালে যান।

লেখাটি শেয়ার করুন

FacebookWhatsApp

আরও পড়ুন